এইচএসসি পরীক্ষা, আন্দোলন ও মন্ত্রীর পদত্যাগের দাবি ঘিরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আভাস
শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা, পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসহ সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হচ্ছে। বৈঠক থেকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানান।
পরে আন্দোলনকারীরা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসর হন। বেলা সোয়া ১টার দিকে ভিসি চত্বর এলাকায় পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীরা নীলক্ষেত-টিএসসিগামী সড়কে অবস্থান নেন।
এ সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিজিবি মোতায়েন করা হয়।
পরে বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীরা ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের দিকে যান। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তারা জাতীয় সংসদ ভবনের সামনের এলাকায় অবস্থান করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

২৩.৫১°সে