বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা ঢাকা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের পরীক্ষা আগামী ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে। এসব শিক্ষার্থীর পরীক্ষা রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে নেওয়া হবে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান প্রথম পত্র (বিষয় কোড-১৭৪), হিসাববিজ্ঞান প্রথম পত্র (বিষয় কোড-২৫৩) ও যুক্তিবিদ্যা প্রথম পত্র (বিষয় কোড-১২১) পরীক্ষায় যে শিক্ষার্থীরা অংশ নিতে পারেননি এবং পরবর্তীতে পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিজ নিজ কেন্দ্রে নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের পরীক্ষা ২৪ আগস্ট সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে ঢাকা মহানগরীর ঢাকা-৫১ নম্বর কেন্দ্র (কেন্দ্র কোড-১১৮), বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, বকশীবাজার, চকবাজার, ঢাকা।
পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগে, অর্থাৎ সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য অনুরোধ করেছে শিক্ষা বোর্ড।
এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু বলেন, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ১৩টি জেলা রয়েছে। তবে এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আশপাশের জেলাগুলো থেকে মাত্র ২২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তাই একটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হলেও শিক্ষার্থীদের কোনো অসুবিধা হবে না।

২৩.৫১°সে