রাজধানী-ঢাকার শাহবাগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পূর্বের আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এতে একজন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন হলের দ্বিতীয় তলায় এই সংঘর্ষ হয়।
জানা গেছে, কনভেনশন হলের তৃতীয় তলায় এনসিপি ঢাকা মহানগর ও জেলা কমিটির সমন্বয় সভা চলছিল। একই সময় দ্বিতীয় তলায় মোহাম্মদপুর ও বংশাল থানার নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে তা সংঘর্ষে রূপ নেয়। এতে বংশাল থানার কর্মী ইউসুফ আহত হন।
তথ্য অনুযায়ী, তিন মাস আগে বংশাল থানার কয়েকজন নেতা মোহাম্মদপুরের একটি প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেনে জড়িত ছিলেন। বিষয়টি ঢাকা মহানগর উত্তরের নেতা শোয়েবকে জানানো হলে তিনি মোহাম্মদপুর থানার নেতা রিয়ানকে সহযোগিতার দায়িত্ব দেন।
অভিযোগ রয়েছে, রিয়ান বংশালের নেতাদের কাছ থেকে দুই লাখ টাকা নেন এবং তাদের আটকে রাখার চেষ্টা করেন। পরে তারা কোনোভাবে পালিয়ে আসেন। এরপর থেকে বংশালের নেতারা টাকা ফেরত চেয়ে ব্যর্থ হন।
শুক্রবার কনভেনশন হলে রিয়ানের মুখোমুখি হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে।

২৩.১৬°সে