কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অপরিচ্ছন্ন পরিবেশ, চিকিৎসকদের অনুপস্থিতি এবং অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হাসপাতালের বিভিন্ন অনিয়ম দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন তিনি।
বুধবার সকালে হাসপাতাল পরিদর্শনে গিয়ে মন্ত্রী প্রথমে চিকিৎসকদের হাজিরা খাতা পরীক্ষা করেন। পরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, টয়লেট, রান্নাঘর ও ড্রেনেজ ব্যবস্থা ঘুরে দেখেন। পরিদর্শনকালে কয়েকজন চিকিৎসক নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না থাকায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।
হাসপাতালের ড্রেনের শোচনীয় অবস্থা এবং ওয়ার্ড ও রান্নাঘরের অপরিচ্ছন্নতা দেখে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। বিশেষ করে রান্নাঘরের হাত ধোয়ার বেসিনের নিচের নোংরা পরিবেশ দেখে সংশ্লিষ্টদের তিরস্কার করেন এবং দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার নির্দেশ দেন।
এ সময় বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান ও হাসপাতালের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “বিগত সরকারের সময়ে স্বাস্থ্যখাতে সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের কারণে স্বাস্থ্যসেবা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমান সরকার সেই অবস্থা থেকে উত্তরণে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে।”
তিনি আরও বলেন, জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নতুন হাসপাতাল স্থাপন, আধুনিক যন্ত্রপাতি ক্রয় এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে স্বাস্থ্যখাতে গতি আনা হবে।
মন্ত্রী জানান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কিছু ত্রুটি ও অব্যবস্থাপনা পাওয়া গেছে। বিশেষ করে কয়েকজন চিকিৎসকের অনুপস্থিতি এবং ড্রেনেজ ব্যবস্থার দুরবস্থা নজরে এসেছে। এসব সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজকে পূর্ণাঙ্গভাবে চালু এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি সচল করার উদ্যোগ নেওয়া হবে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, পুলিশ সুপার জসীম উদ্দিন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মন্নান, সিভিল সার্জন ডা. এস এম কামাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২৩.৫১°সে