সচিবালয়ে বৈঠক; বাজারমূল্যে মানসম্মত কাগজ সরবরাহের প্রতিশ্রুতি, প্রেস ও কাগজ মালিকদের সমন্বয়হীনতার বিষয়ও খতিয়ে দেখবে সরকার
আগামী ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই পৌঁছে দিতে সরকার আশাবাদী বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, দেশের কাগজকল মালিকরা বাজারমূল্যে মানসম্মত কাগজ সরবরাহের আশ্বাস দিয়েছেন, ফলে বই ছাপানোর কাজ নির্ধারিত সময়েই সম্পন্ন করা সম্ভব হবে।
সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় সচিবালয়ে দেশের কাগজকল মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, সারাদেশের পাঠ্যবই ছাপানোর কাজে কাগজকল মালিকরা সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। তারা বাজারমূল্যেই কাগজ সরবরাহ করবেন এবং কাগজের গুণগত মান বজায় রাখবেন। এ বিষয়ে সরকারের সঙ্গে একটি আনুষ্ঠানিক চুক্তিতেও (এগ্রিমেন্ট) তারা সম্মত হবেন।
তিনি বলেন, “আমরা আশ্বস্ত হয়েছি। এর ফলে বই ছাপার কাজ সফলভাবে সম্পন্ন হবে এবং ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পারব।”
তবে প্রেস মালিক ও কাগজকল মালিকদের মধ্যে সমন্বয়ের ঘাটতির বিষয়টি সরকারের নজরে এসেছে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, “প্রেস মালিক ও কাগজ মালিকদের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে বলে মনে হচ্ছে। আমরা বিষয়টি খতিয়ে দেখব এবং দায় কার, সেটিও নির্ধারণ করা হবে।”
বৈঠকে দেশের বিভিন্ন কাগজকলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বসুন্ধরা পেপার মিলস, মেঘনা পেপার মিলস, টি.কে. কেমিক্যাল কমপ্লেক্স, বেস পেপার্স, সুইস কোয়ালিটি পেপার (বিডি), ক্রিয়েটিভ পেপার মিলস, এথিক্যাল পাল্প অ্যান্ড পেপার মিলস, পারটেক্স পেপার মিলস, অ্যাম্বার সুপার পেপার লিমিটেড, আলনুর পেপার অ্যান্ড বোর্ড মিলস এবং নিটল কার্টিস পেপার মিলসের প্রতিনিধিরা।

২৩.৫১°সে