বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক ২০২৫-২০২৬ অর্থবছরে মৌলিক গবেষণাকর্মে সহায়তা প্রদানের জন্য দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিকট থেকে অনলাইনে নির্ধারিত ফরমে গবেষণা প্রকল্প প্রস্তাব আহবান করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। ১৭ সেপ্টেম্বর কমিশনের ওয়েব সাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
কমিশন বলছে, এই গবেষণা প্রকল্পের আবেদনকারীকে অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে হবে। অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক এবং শুধুমাত্র পিএইচডি ডিগ্রিধারী প্রভাষকগণ আবেদন করতে পারবেন।
আবেদনকারীর অধীনে কমিশনের অর্থায়নে বর্তমানে কোনো প্রকল্প চলমান থাকলে তা সমাপ্ত না হওয়া পর্যন্ত আবেদন করার সুযোগ নেই। একজন প্রধান গবেষক একই অর্থ-বছরে একাধিক ক্যাটাগরিতে প্রকল্প প্রস্তাব দাখিল করতে পারবেন না। গবেষণা অনুদানের অর্থ ব্যয় ও প্রকল্প বাস্তবায়ন সম্পর্কিত বিভিন্ন কার্যক্রমের বিষয়ে কমিশন কর্তৃক আরোপিত সকল শর্ত ও নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা/প্রশাসন শাখার জন্য প্রকল্প প্রতি বাজেট ২,৬০,০০০/- (দুই লক্ষ ষাট হাজার) টাকা এবং বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা শাখার জন্য প্রকল্প প্রতি বাজেট ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। প্রকল্প প্রস্তাব অবশ্যই অনলাইনে দাখিল করতে হবে। অনলাইনে দাখিল ব্যতিত কোন প্রকল্প প্রস্তাব গ্রহণ করা হবে না।
https://ugc-research-management.bdren.net.bd লিংক থেকে প্রকল্প প্রস্তাব দাখিল করা যাবে।
যথাযথভাবে অনলাইনে দাখিলকৃত প্রকল্প প্রস্তাবের ৪ (চার) সেট প্রিন্ট কপি (হার্ড কপি)-যার মধ্যে গবেষক ও বিশ্ববিদ্যালয়ের নাম ও ঠিকানা ব্যতীত ০৩ (তিন) সেট এবং গবেষক ও বিশ্ববিদ্যালয়ের নাম, ঠিকানা ও যথাযথ প্রত্যয়ন/সুপারিশসহ পূর্ণাঙ্গ ০১ (এক) সেট (দুটি প্রিন্ট অপশন অনলাইনে বিদ্যমান) রেজিস্ট্রারের মাধ্যমে পরিচালক, রিসার্চ গ্রান্টস এন্ড এওয়ার্ড ডিভিশন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ ঠিকানায় আগামী ১৬-০৭-২০২৫ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে;
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- অসম্পূর্ণ কিংবা অপূর্ণাঙ্গ তথ্য সম্বলিত আবেদন বাতিল বলে গণ্য হবে।

২৩.৩২°সে
