সাত কলেজ সংক্রান্ত বিষয়টি মীমাংসিত এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সম্মতি রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শিক্ষাঙ্গনের মতো স্পর্শকাতর বিষয়ে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।
সোমবার (০২ মার্চ) সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বৈঠকে সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সাত কলেজ নিয়ে আলোচনা হয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, “এটি একটি মীমাংসিত বিষয়। এতে সবাই সম্মতি দিয়েছেন। শিক্ষাঙ্গন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র। এখানে কোনো কিছু হুটহাট আমরা হাত দেব না।”
তিনি আরও বলেন, “আমরা সুপরিকল্পিতভাবে এবং দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে প্রয়োজনীয় পরিবর্তন আনতে চাই। যেসব বিষয় ইতোমধ্যে মীমাংসিত, সেগুলো ভবিষ্যতে আরও উন্নত করার প্রয়োজন হলে তা পরিকল্পনা অনুযায়ী করা হবে। তবে তা কখনোই তড়িঘড়ি করে নয়।”
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষাব্যবস্থায় স্থিতিশীলতা বজায় রাখা এবং শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নীতিতে সরকার অটল রয়েছে।

২৩.৩৫°সে