শিক্ষাকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে শতভাগ পাঠ্যপুস্তক পরিমার্জনের নির্দেশ দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার দুপুরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড(এনসিটিবি) কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এমন নির্দেশ দেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সব বই নতুনভাবে পরিমার্জন করা হবে। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এবং সেই লক্ষ্য বাস্তবায়নে পাঠ্যপুস্তক আধুনিকায়ন জরুরি। কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, মাধ্যমিক স্তরের (৬ষ্ঠ থেকে ৯ম-১০ম) ‘শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা’ বইটি সকল শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক করা হবে। একই সঙ্গে এ বিষয়ের ওপর মূল্যায়ন পরীক্ষাও নেওয়া হবে বলে তিনি জানান।
মন্ত্রী আরও বলেন, উচ্চমানের বিশেষজ্ঞদের মাধ্যমে কারিকুলাম প্রণয়ন ও পাঠ্যপুস্তক পরিমার্জন করা হবে এবং এ ক্ষেত্রে কোনো দলীয় বিবেচনা করা যাবে না।
এনসিটিবির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুবুল হক পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রীর একান্ত সচিব প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ সংস্থাটির বিভিন্ন উইংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২৩.১৬°সে