ঢাকার নটর ডেম কলেজ ক্যাম্পাসে এক ভিন্নরকম আনন্দের আবহ তৈরি হয়েছে। কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী অলীন বাসারের নতুন উপন্যাস ‘আয়নার ওপাশে’ প্রকাশ উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে মোড়ক উন্মোচন অনুষ্ঠান। অল্প বয়সেই লেখালেখিতে সাফল্য পাওয়া এই শিক্ষার্থীকে নিয়ে গর্বিত তার সহপাঠী ও শিক্ষকরা।
যে বয়সে অনেকেই অন্যের গল্পের বই পড়ে সময় কাটায়, সেই বয়সেই নিজের লেখা বই নিয়ে পাঠকের সামনে হাজির হয়েছে অলীন। মাত্র ১৭ বছর বয়সে তার প্রকাশিত বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১৫টিতে।
নটর ডেম কলেজের উন্মুক্ত মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় অলীনের নতুন উপন্যাস ‘আয়নার ওপাশে’। বইটি প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড এবং প্রচ্ছদ এঁকেছেন প্রসূন হালদার। অনুষ্ঠানটির আয়োজন করে নটর ডেম লেখককুঞ্জ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গল্পের বই হাতে বড় হওয়ার বয়সেই অলীন বাসার লিখে চলেছেন নানা ধরনের গল্প। তার লেখায় কল্পনাশক্তি, সূক্ষ্ম পর্যবেক্ষণ ও সৃজনশীলতার পরিচয় স্পষ্ট। পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে প্রকাশিত ‘আয়নার ওপাশে’ উপন্যাসেও তিনি সেই দক্ষতার পরিচয় দিয়েছেন।
প্রকাশনা উৎসবে নিজের বই প্রকাশিত হওয়ায় আনন্দ প্রকাশ করেন অলীন বাসার। শিক্ষকরা তার লেখালেখির প্রশংসা করে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফাদার আন্তনী সুশান্ত গমেজ, সিএসসি বলেন, বর্তমান বিশ্বে ভালোবাসার চর্চা অত্যন্ত জরুরি। সাহিত্যচর্চার মাধ্যমে ভালোবাসা, মানবিকতা ও ইতিবাচক ভাবনার বিস্তার ঘটাতে তরুণদের এগিয়ে আসতে হবে। বাংলা বিভাগের শিক্ষক মারলিন ক্লারা পিনেরো বলেন, যারা সাহিত্য রচনা করেন তারা এক ধরনের সৃজনশীল ক্ষমতার অধিকারী, যা সমাজকে নতুন করে ভাবতে শেখায়।
শিক্ষকদের মধ্যে উপস্থিত থেকে আলোচনা করেন রণজিৎ কুমার নাথ, ফাদার আন্তনী প্রণয় গমেজ, সিএসসি-সহ আরও অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন নটর ডেম লেখককুঞ্জের মডারেটর ও বাংলা বিভাগের প্রধান মো. শহিদুল হাসান পাঠান।
অতিথিরা বলেন, অলীনের লেখায় নতুন চিন্তার খোরাক রয়েছে। সহজ ও সুন্দর বাক্যে লেখা এই উপন্যাস সব বয়সের পাঠকের কাছেই আকর্ষণীয় হয়ে উঠবে। এতে জীবন সম্পর্কে গভীর অনুভূতির প্রকাশও দেখা যায়।
শিশু সাহিত্যিক দন্ত্যস রওশন বলেন, “এত অল্প বয়সে এমন শব্দ ও বাক্য নির্মাণ সত্যিই বিস্ময়কর। অনেক পরিণত লেখকের মতো ভাষা ব্যবহার করেছে অলীন।” কথাসাহিত্যিক মোজাফফর হোসেন বলেন, “একদিন এই ক্যাম্পাস অলীনকে নিয়ে গর্ব করবে।”
পাঞ্জেরী পাবলিকেশন্সের পক্ষ থেকে লিটু খান জানান, লেখার মান ও বিষয়বস্তুর সবদিক যাচাই-বাছাই করেই ‘আয়নার ওপাশে’ প্রকাশ করা হয়েছে। বইটির উপস্থাপন, ভাষা ও কাহিনিতে নতুনত্ব রয়েছে। নটর ডেম কলেজের শিক্ষার্থীদের জন্য বইটিতে ৪০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দেন তিনি।
উপন্যাসের কাহিনি সংক্ষেপ
‘আয়নার ওপাশে’ উপন্যাসের কেন্দ্রে রয়েছে সন্তানের নিরাপদ ভবিষ্যতের জন্য এক মায়ের নীরব সংগ্রাম। গল্পে রঞ্জুর বাবার আকস্মিক আবির্ভাব এবং রঞ্জুর অস্বাভাবিক আচরণ ঘটনাপ্রবাহকে নতুন মোড় দেয়।
আয়নার সামনে দাঁড়িয়ে রঞ্জু মুখোমুখি হয় এক অদ্ভুত রহস্যের। সেখানে বিশ্বাস, ভয়, দ্বিধা ও অদৃশ্য বিপদের ছায়া একই সুতোয় গাঁথা। বাস্তবতা ও অলৌকিকতার মিশেলে গড়ে ওঠা এই উপন্যাস শুধু শিশু-কিশোর নয়, রোমাঞ্চপ্রেমী সব বয়সের পাঠকের মনেই দাগ কাটবে।
২০০৮ সালের ২২ মে সাতক্ষীরায় জন্ম অলীন বাসারের। ২০১৫ সালে তার প্রথম বই প্রকাশিত হয়, তখন তিনি প্রথম শ্রেণির ছাত্র। বর্তমানে তিনি নটর ডেম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
অলীন বাসারের প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছে— আয়নার ওপাশে, ধর্মব্যাধি, বল্টুদের দেয়াল ঘড়ি, নীলরত্নের রাজ্যে মিনু, চক্র, পেটুক শিয়াল, কালো ঘোড়া, বাঘের গর্জন, বিড়াল পণ্ডিত, গোরস্তানে বিয়ে, পালোয়ানের হার, ভূতের টিউশনি, ভুতুম, ভুতুড়ে এবং অন্ধকারে ভূতের ছায়া।
বই: আয়নার ওপাশে
লেখক: অলীন বাসার
প্রকাশনা: পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড
প্রচ্ছদ: প্রসূন হালদার
মূল্য: ৫০০ টাকা

২৩.৩৩°সে


