দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম জোরদার, ইভটিজিং প্রতিরোধ এবং ‘র্যাগ ডে’ নামে কোনো ধরনের বিশৃঙ্খল কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের রাতে নিয়মিত পড়াশোনায় উৎসাহিত করতে গৃহীত কার্যক্রমের তথ্যও জমা দিতে বলা হয়েছে।
রোববার (১৫ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি মাউশির আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের কাছে পাঠানো হয়েছে এবং বিষয়টিকে জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে জানানো হয়, গত ২৫ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার অংশগ্রহণে আইন-শৃঙ্খলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রচার-প্রচারণা জোরদার করতে বলা হয়েছে। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নির্মিত মাদকবিরোধী ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শনের ব্যবস্থাও নিতে বলা হয়েছে।
এ ছাড়া ইভটিজিং প্রতিরোধ, ‘র্যাগ ডে’ কেন্দ্রিক বিশৃঙ্খলা বন্ধ এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে নেওয়া উদ্যোগের অগ্রগতির তথ্য আগামী ৩০ মার্চের মধ্যে নির্ধারিত ইমেইল ঠিকানায় পাঠাতে হবে।
এ লক্ষ্যে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের তাদের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করে নির্ধারিত ফরম্যাটে একত্র করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিবেদনে সংশ্লিষ্ট অঞ্চলের নাম, মোট শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা, কার্যক্রম বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের শতকরা হার, বাস্তবায়ন না করা প্রতিষ্ঠানের হার (যদি থাকে), বাস্তবায়ন না হওয়ার কারণ এবং প্রয়োজনীয় মন্তব্য উল্লেখ করতে বলা হয়েছে।

২৩.৩৫°সে