বৈশ্বিক জ্বালানি সংকট ও তীব্র যানজটের প্রেক্ষাপটে রাজধানীর কিছু নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বয়ে (হাইব্রিড পদ্ধতি) পাঠদান চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ‘বৈশ্বিক জ্বালানি সংকটে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা ও বিদ্যুৎ সাশ্রয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। সেমিনারে শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।
শিক্ষামন্ত্রী বলেন, সব স্কুলে একযোগে নয়; বরং যেসব প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সক্ষমতা রয়েছে, সেগুলোতে পাইলট প্রকল্প হিসেবে এই হাইব্রিড পদ্ধতি চালু করা হতে পারে। প্রস্তাবিত ব্যবস্থায় সপ্তাহের কিছুদিন অনলাইন এবং কিছুদিন অফলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। এর ফলে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যানজট ও জ্বালানি ব্যবহারের চাপ কমবে, একই সঙ্গে নিয়মিত পাঠক্রমও বজায় থাকবে।
তিনি আরও বলেন, ইতিহাসে বিভিন্ন সংকট নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। বর্তমান পরিস্থিতিতেও শিক্ষা ব্যবস্থাকে থামিয়ে না রেখে প্রযুক্তিনির্ভর নতুন পদ্ধতিতে এগিয়ে নিতে হবে। ভবিষ্যতের শিক্ষা হবে অনেকাংশেই পেপারলেস ও ডিজিটালনির্ভর—এমন বাস্তবতার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা জরুরি।
অনলাইন ক্লাস কার্যকর করতে শিক্ষকদের প্রশিক্ষণ ও তদারকি জোরদারের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতেও প্রয়োজন সঠিক পর্যবেক্ষণ ব্যবস্থা।
জ্বালানি সাশ্রয়ের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। এর মধ্যে রয়েছে এয়ার কন্ডিশনারের তাপমাত্রা নির্ধারণ, অফিস সময়সূচির পরিবর্তন এবং সৌরবিদ্যুৎ ও বৈদ্যুতিক পরিবহনের ব্যবহার বাড়ানো।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, বৈশ্বিক সংকট মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে এবং সবার সহযোগিতায় এ পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি. এম. আব্দুল হান্নান। এছাড়া উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া।

২৩.১৬°সে