যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যার ঘটনায় নতুন মাত্রা যোগ হয়েছে। এই ঘটনায় প্রধান সন্দেহভাজনের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটি–এর নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআআই–কেও তদন্তের আওতায় আনার ঘোষণা দিয়েছেন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল জেমস উথমায়ার।
সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ দেওয়া এক পোস্টে তিনি জানান, চলমান ফৌজদারি তদন্তের পরিধি বাড়িয়ে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ)–এর দুই শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনাটিও অন্তর্ভুক্ত করা হচ্ছে। তার ভাষ্য, তদন্তে পাওয়া প্রাথমিক তথ্যে ইঙ্গিত মিলেছে যে, এই হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন অপরাধ সংঘটনের আগে চ্যাটজিপিটির সহায়তা নিয়েছিলেন।
এর মাত্র এক সপ্তাহ আগে উথমায়ার ওপেনএআইয়ের বিরুদ্ধে পৃথক একটি ফৌজদারি তদন্ত শুরুর ঘোষণা দেন। গত বছর ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি–তে সংঘটিত একটি গোলাগুলির ঘটনার সূত্র ধরে ওই তদন্ত শুরু হয়। অভিযোগ রয়েছে, ওই হামলার আগে বন্দুকধারী অস্ত্র ও গুলিসংক্রান্ত কিছু বিষয়ে চ্যাটবটের কাছ থেকে পরামর্শ নিয়েছিল।
বর্তমানে হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় ইউএসএফের বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ডের তদন্ত চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে লিমনের রুমমেট, ২৬ বছর বয়সী হিশাম আবুঘরবেহ–কে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড বা ফার্স্ট ডিগ্রি মার্ডারের অভিযোগ আনা হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়টি নিহত দুই শিক্ষার্থীর স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ, তাদের পরিবারের পাশে থাকা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
উল্লেখ্য, এই হত্যাকাণ্ড এবং সংশ্লিষ্ট প্রযুক্তি ব্যবহারের অভিযোগ ঘিরে যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, দায়বদ্ধতা এবং নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

২৩.৫১°সে