নবম জাতীয় পে স্কেলে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের অন্তর্ভুক্তির বিষয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। সব সমস্যার সমাধান একসঙ্গে করা সম্ভব নয়, তবে নবম পে স্কেলে তাদের অন্তর্ভুক্তির বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে।”
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা, নৈতিকতা ও পারিবারিক মূল্যবোধ বিকাশে সরকার বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম ও প্রতিযোগিতার আয়োজন করছে। এ লক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।
তিনি বলেন, “শিক্ষার্থীদের সাংস্কৃতিক বিকাশে উপজেলা পর্যায়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের শিক্ষকরা সহযোগিতা করবেন। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়গুলোর সংশ্লিষ্ট বিভাগ থেকেও দক্ষ শিক্ষক পাওয়া যাবে বলে আমরা আশা করছি।”
পরীক্ষা ব্যবস্থাপনা প্রসঙ্গে ড. মিলন বলেন, প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থার প্রস্তুতি রয়েছে। প্রয়োজন হলে প্রশ্নপত্র পাঠিয়ে পরীক্ষা নেওয়া হবে এবং সারা দেশে একক প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের জন্যও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২৩.৩৩°সে