ঢাকা বিশ্ববিদ্যালয় আবারও প্রমাণ করল, দেশের উচ্চশিক্ষার অগ্রযাত্রায় তার নেতৃত্ব অটুট। যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা মূল্যায়ন সংস্থা কিউএস প্রকাশিত ২০২৭ সালের বিশ্ব বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বের সেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে দেশের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এবারও শীর্ষস্থান ধরে রেখেছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিদ্যাপীঠ।
বিশ্বের ১ হাজার ৫০৪টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে প্রস্তুত করা এ তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অর্জন দেশের উচ্চশিক্ষা খাতের জন্য এক গৌরবোজ্জ্বল মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। শিক্ষা, গবেষণা, আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং টেকসই উন্নয়ন—সব ক্ষেত্রেই ধারাবাহিক অগ্রগতির স্বীকৃতি মিলেছে এই র্যাঙ্কিংয়ে।
প্রকাশিত ফলাফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক স্কোর ২৮ দশমিক ৩। একাডেমিক সুনাম সূচকে একই স্কোর অর্জনের মাধ্যমে দেশের জ্ঞানচর্চা ও গবেষণায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি।
সবচেয়ে উজ্জ্বল সাফল্য এসেছে কর্মসংস্থান ফলাফল সূচকে। এ ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্জন করেছে ৯৫ দশমিক ০ স্কোর, যা স্নাতকদের কর্মক্ষেত্রে উচ্চ গ্রহণযোগ্যতা ও সফলতার স্পষ্ট প্রতিফলন। নিয়োগদাতাদের দৃষ্টিতে বিশ্ববিদ্যালয়ের সুনাম সূচকে ৫০ দশমিক ৮ স্কোরও শিক্ষার্থীদের প্রতি চাকরিদাতাদের আস্থার শক্ত অবস্থানকে তুলে ধরেছে।
গবেষণা ও বৈশ্বিক সহযোগিতার ক্ষেত্রেও এগিয়ে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক সূচকে ৬১ দশমিক ১ স্কোর অর্জন করে বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা বৃদ্ধির ইতিবাচক বার্তা দিয়েছে। একই সঙ্গে টেকসই উন্নয়ন সূচকে ৬০ দশমিক ৬ স্কোর অর্জন করে পরিবেশ সংরক্ষণ, সামাজিক দায়বদ্ধতা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের প্রতি নিজেদের অঙ্গীকারেরও প্রমাণ দিয়েছে।
তবে কিছু ক্ষেত্রে আরও উন্নতির সুযোগ রয়েছে। সাইটেশনস পার ফ্যাকাল্টি এবং শিক্ষক-শিক্ষার্থী অনুপাত সূচকে বিশ্ববিদ্যালয়ের স্কোর ৮ দশমিক ০। আন্তর্জাতিক শিক্ষক অনুপাত সূচকে ২ দশমিক ০ এবং আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাত সূচকে ১ দশমিক ৪ স্কোর অর্জিত হয়েছে। এসব সূচক ভবিষ্যতে আন্তর্জাতিকীকরণ, গবেষণার মানোন্নয়ন এবং বৈশ্বিক অংশীদারত্ব আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথাও স্মরণ করিয়ে দেয়।
তবুও সামগ্রিক অর্জনের বিচারে দেশের উচ্চশিক্ষা অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়ই এখনো সবচেয়ে উজ্জ্বল নাম। টানা তিন বছর দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় হিসেবে অবস্থান ধরে রাখা এবং বিশ্বের সেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের কাতারে জায়গা করে নেওয়া নিঃসন্দেহে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার এক অনন্য স্বীকৃতি। দেশের উচ্চশিক্ষাকে বৈশ্বিক মানচিত্রে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার পথে এটি এক গুরুত্বপূর্ণ অগ্রযাত্রা।

২৩.৫১°সে