প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, বৈঠকের শুরুতেই চীনের রাষ্ট্রদূত জাতিসংঘ সাধারণ পরিষদের ২০২৬-২০২৭ সেশনের সভাপতি পদে ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান।
বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, কারিগরি শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধি এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্বের প্রশংসা করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন। অন্যদিকে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় চীনের অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
কূটনৈতিক মহলের মতে, এই সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন মাত্রা দেওয়ার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও মানবসম্পদ উন্নয়ন খাতে সহযোগিতার নতুন সম্ভাবনা উন্মোচন করবে।

২৩.৫১°সে
