২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার বিষয়ে পাকিস্তান সরকারের ‘বেছে বেছে’ ম্যাচ খেলার সিদ্ধান্তের খবরটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নজরে এসেছে। এ সিদ্ধান্ত নিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা অসন্তোষ প্রকাশ করেছে।
আইসিসি জানিয়েছে, এখন পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো চিঠি পাওয়া যায়নি। তবে পাকিস্তানের অবস্থান বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে উদ্বেগ তৈরি করছে।
আইসিসির মতে, একটি বৈশ্বিক টুর্নামেন্টে সব দলকে সমান নিয়ম ও সুযোগের আওতায় খেলতে হয়। কোনো দল যদি নির্দিষ্ট কিছু ম্যাচে অংশগ্রহণ করে এবং অন্যগুলো এড়িয়ে চলে, তাহলে তা টুর্নামেন্টের মূল চেতনা ও মর্যাদাকে ক্ষুণ্ন করে।
এক বিবৃতিতে আইসিসি জানায়, তারা সদস্য দেশগুলোর সরকারি নীতি ও সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। তবে পাকিস্তান সরকারের এ ধরনের সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটের জন্য ইতিবাচক নয়, একই সঙ্গে এটি পাকিস্তানসহ সারা বিশ্বের কোটি কোটি ক্রিকেট ভক্তের জন্য হতাশাজনক হতে পারে।
আইসিসি আরও সতর্ক করে বলেছে, এই সিদ্ধান্তের ফলে পাকিস্তান ক্রিকেটের ওপর দীর্ঘমেয়াদি ও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। কারণ পিসিবি নিজেই বিশ্ব ক্রিকেট কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এর সুফলভোগী।
বিশ্ব ক্রিকেট সংস্থাটি জানিয়েছে, তাদের প্রধান লক্ষ্য সফলভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা। সে লক্ষ্যেই আইসিসি আশা করছে, পিসিবি এমন একটি সমাধানে পৌঁছাবে, যাতে ক্রিকেটের স্বার্থ ও টুর্নামেন্টের মর্যাদা রক্ষা পায়।

২৩.৩৩°সে