শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ‘প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের’ শীর্ষক সংবাদকে অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, আলোচ্য অনুষ্ঠানে মন্ত্রী এ ধরনের কোনো বক্তব্য দেননি। ফলে প্রকাশিত সংবাদটি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “মাননীয় সংসদ সদস্যবৃন্দ তাদের এলাকায় হাইস্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ নিয়ে আসেন। কিন্তু প্রাথমিক বিদ্যালয় স্থাপনের সুপারিশ করেন না।”
এ সময় তিনি আরও বলেন, “দেশের প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে।”
মন্ত্রণালয় জানিয়েছে, মন্ত্রীর বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করে প্রকাশিত সংবাদ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

২৩.৩৩°সে