দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে আটকে রেখে জিজ্ঞাসাবাদের ঘটনায় গভীর হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ। এ ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতীয় উপ-হাইকমিশনার পবন বঢ়েকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সোমবার বিকেলে বাসসকে বিষয়টি নিশ্চিত করে জানান, মন্ত্রণালয়ে ডেকে পাঠিয়ে ভারতীয় উপ-হাইকমিশনারকে বাংলাদেশের অসন্তোষ ও গভীর হতাশার কথা জানানো হয়েছে।
এর আগে দিনের শুরুতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত’ ও ‘দুঃখজনক’ বলে উল্লেখ করেন। তিনি জানান, বিষয়টি নিয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, “এটি অনাকাঙ্ক্ষিত এবং একই সঙ্গে দুঃখজনক একটি ঘটনা।”
তিনি আরও জানান, সরকারের অবস্থান স্পষ্ট করতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেবে।
জানা গেছে, ভারত মহাসাগরীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (আইওআরএ)-এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের কমিটির (সিএসও) ২৮তম বৈঠকে অংশ নিতে ডা. জাহেদ উর রহমান ভারতে যান। রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ভারতীয় অভিবাসন কর্তৃপক্ষের নিয়মিত নিরাপত্তা যাচাইয়ের সময় তার নাম একটি ‘ওয়াচলিস্টে’ শনাক্ত হয়।
এরপর তাকে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ ও অপেক্ষায় রাখা হয় বলে কূটনৈতিক ও গণমাধ্যম সূত্রে জানা গেছে। পরবর্তীতে ভারতীয় কর্তৃপক্ষ সফর অব্যাহত রাখার অনুমতি দিলেও তিনি সফর বাতিল করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
উপদেষ্টা নিয়মিত বাংলাদেশি পাসপোর্ট ও সার্ক ভিসা ব্যবহার করে ভারত সফরে গিয়েছিলেন। তার কাছে কোনো কূটনৈতিক পাসপোর্ট ছিল না। রোববার রাতে ঢাকাগামী সরাসরি ফ্লাইট না থাকায় তিনি কলম্বো হয়ে সোমবার দেশে ফেরেন।
১৫ ও ১৬ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত আইওআরএর জ্যেষ্ঠ কর্মকর্তাদের কমিটির বৈঠকে সদস্য দেশগুলোর প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। ‘উদ্ভাবন, উন্মুক্ততা, স্থিতিস্থাপকতা ও অভিযোজন সক্ষমতা’ প্রতিপাদ্যে আয়োজিত এ বৈঠকে সংস্থার অগ্রগতি মূল্যায়ন, আঞ্চলিক অগ্রাধিকার নির্ধারণ এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।
উল্লেখ্য, সিএসও হলো আইওআরএর দ্বিতীয় সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা এবং এটি সংস্থাটির প্রধান সমন্বয়কারী কাঠামো হিসেবে দায়িত্ব পালন করে।

২৩.৩৩°সে