এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের বদলি কার্যক্রম শিগগিরই শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়াও শর্তসাপেক্ষে দ্রুত বাস্তবায়নের কথা জানান তিনি।
শুক্রবার (১ মে) বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি জানান, ইতোমধ্যে সুপারিশপ্রাপ্ত প্রায় ১৪ হাজার ৩০০ সহকারী শিক্ষককে দ্রুত সময়ের মধ্যে যোগদানের সুযোগ দেওয়া হবে। তবে এ নিয়োগ কার্যক্রম কিছু শর্তের ভিত্তিতে সম্পন্ন করা হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, সম্প্রতি দ্রুত সময়ের মধ্যে শিক্ষক নিয়োগ পরীক্ষার আয়োজন করায় বিভিন্ন মহলে সমালোচনা ও প্রশ্ন উঠেছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই সরকার সতর্কতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল এবং চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাদ্দেক হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

২৩.৩৩°সে